ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামে বিএনপি নেতা আজু মন্ডলকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে বহিষ্কৃত জামায়াত নেতা আবু বক্কারের বিরুদ্ধে। তবে হামলার অভিযোগ অস্বীকার করে আবু বক্কারের দাবি, তিনি শুধু একটি লাথি মেরেছিলেন। এতে আজু মন্ডল পড়ে গিয়ে ইটের সঙ্গে মাথায় আঘাত পান। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তেঘরী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তেঘরী গ্রামের মৃত সাদের মন্ডলের ছেলে আজু মন্ডল এবং একই গ্রামের মৃত দুলু মন্ডলের ছেলে আবু বক্কারের মধ্যে সরকারি ডিলারের মাধ্যমে সার উত্তোলনের বিষয় নিয়ে মোবাইল ফোনে কথা-কাটাকাটি ও তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে বৃহস্পতিবার আজু মন্ডল বাড়িতে ফেরার পথে তেঘরী গ্রাম পুলিশ শাহিনের দোকানের সামনে পৌঁছালে আবু বক্কার মোটরসাইকেলে সেখানে আসেন। আজু মন্ডলের অভিযোগ, আবু বক্কার তার ওপর হামলা চালিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন।
অভিযোগের বিষয়ে আবু বক্কার বলেন, ‘আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় মিথ্যা অপপ্রচার করা হচ্ছিল। এছাড়া আমার সঙ্গে খারাপ আচরণ ও গালিগালাজ করা হয়েছে। এ নিয়ে মোবাইলে তর্ক-বিতর্ক হয়। পরে সে আমাকে অশালীন ভাষায় কথা বলে। এজন্য আমি তাকে পথিমধ্যে থামিয়ে একটি লাথি মারি। এতে সে পড়ে গিয়ে ইটের সঙ্গে মাথায় আঘাত পায়।’
এ বিষয়ে তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ অরূপ কুমার বলেন, সার নিয়ে বিরোধের বিষয়টি তিনি শুনেছেন। আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা বা লিখিত অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
