ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামে পল্লী চিকিৎসক আওরঙ্গজেবের একমাত্র গরু চুরি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা গোয়াল ঘরের টিনের বেড়া ভেঙে গরুটি চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, সদাবরী গ্রামের সাহার আলী হালসোনার ছেলে পল্লী চিকিৎসক আওরঙ্গজেব প্রতিদিনের মতো গত মঙ্গলবার সন্ধ্যায় তার গরুটি গোয়াল ঘরে রেখে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় চোরেরা গোয়াল ঘরের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে গরুটি নিয়ে যায়। চুরি হওয়া গরুটির আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। ভোরে ঘুম থেকে উঠে গোয়ালে গরু না দেখে বিষয়টি জানতে পারেন আওরঙ্গজেব। এরপর তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত গরুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
ভুক্তভোগী আওরঙ্গজেব বলেন, গতকাল সন্ধ্যায় গরুটি গোয়াল ঘরে রেখে আমরা ঘুমিয়ে পড়ি। রাতের কোনো এক সময় চোরেরা আমার একমাত্র গরুটি চুরি করে নিয়ে যায়। ভোরে উঠে দেখি গোয়ালে গরু নেই। তখন থেকেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি, কিন্তু এখনো কোনো সন্ধান পাইনি।
