ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহের মানিকদিহি গ্রামে মাদক বিরোধী অভিযানে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তিনজনকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই শরিফুল ইসলাম, এএসআই ছদরুল আলম এবং সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডিঙ্গেদহ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪৫), তেঘরী গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে মাসুরা খাতুন মুন্নি (৩০) এবং চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার রবিউল হকের ছেলে সাগর বিশ্বাসকে (২৮) মাদক সেবনের দায়ে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে মিজানুর রহমানকে ৩০০ টাকা এবং মাসুরা খাতুন মুন্নি ও সাগর বিশ্বাসকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে তাদের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জেলার কোথাও মাদক ব্যবসার সুযোগ দেওয়া হবে না। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত অভিযান পরিচালিত হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
