বেলগাছি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক

শিশুদের মাঝে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে

আপলোড তারিখঃ 2026-06-10 ইং
বেলগাছি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, উত্তম চর্চা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন নাহার। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার।


অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। এসময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে আন্তরিকতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানো এবং শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সৃজনশীলতা, শৃঙ্খলা, সংস্কৃতিচর্চা ও খেলাধুলার মাধ্যমে বিকশিত করতে হবে। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান এবং শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।


বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, একটি উন্নত সমাজ গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিদ্যালয়, পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা।পরে জেলা প্রশাসক আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন নাহার। মঙ্গলবার ৯ জুন সকালে তিনি স্বাস্থ্যকেন্দ্রটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


পরিদর্শনকালে জেলা প্রশাসক সাধারণ রোগী রেজিস্টার, গর্ভকালীন পরিচর্যা রেজিস্টার, শিশু পরিচর্যা রেজিস্টারসহ ইউনিয়নভিত্তিক গর্ভবতী রোগীর তালিকা যাচাই করেন। তিনি স্বাস্থ্যকেন্দ্রে আগত রোগীদের সেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবার মান আরও উন্নত করতে করণীয় বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।


এসময় তিনি স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ সরবরাহ, চিকিৎসা উপকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)