ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয়া মণ্ডলপাড়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টার দিকে নদীর ঘাটসংলগ্ন শরীফের পানের বরজের সামনের মেঠোপথ থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম লিপন আলী (৩২)। তিনি ভাংবাড়িয়া মোল্লাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা মো. মজিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় লিপন আলীকে আটক করা হলে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই মাদক কারবারের সঙ্গে আরও দুইজন পলাতক সহযোগী এবং তিন-চারজন অজ্ঞাত ব্যক্তি জড়িত রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এ ঘটনায় গ্রেপ্তার একজন, পলাতক দুজন এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। পরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
