ছবির ক্যাপশন:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে চুয়াডাঙ্গায় জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাজার পরিস্থিতি, পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং কোনোভাবেই ভোক্তারা যেন প্রতারিত বা বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। তিনি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাজার তদারকি কার্যক্রম আরও জোরদার করার অনুরোধ জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, এনডিসি আলাউদ্দিন আল আজাদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা আলাউদ্দীন, জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুরুল আলম মালিক লার্জ, সদস্যসচিব সুমন পারভেজ, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাইনুল হাসান রিপনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
