ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া এলাকায় অবস্থিত সিপি বাংলাদেশ লিমিটেডকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সুবদিয়া এলাকায় এ উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় অসংখ্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি ও কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত শান্ত হয়ে আসে।
ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকেও শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
