ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আকিব হোসেন (৩২) নামে এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকিব হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলামপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (বিক্রয় প্রতিনিধি) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আকিব হোসেন মুন্সিগঞ্জ এলাকায় কর্মস্থলের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের একটি বাস ঘোড়ামারা ব্রিজ এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় এলাকায় ঝড়-বৃষ্টি চলছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে সড়কে মানুষের উপস্থিতি কম থাকায় দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সংশ্লিষ্ট বাসটি সেখানে পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
