ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (১) অনুযায়ী মো. শরীফুজ্জামানকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতদিন জেলা প্রশাসকেরা (ডিসি) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।
আরও বলা হয়, জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৮২ক (৩) অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি-বিধান অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগাদেশ জারি করা হয়।
এদিকে, গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম চুয়াডাঙ্গা জেলা পরিষদের নতুন প্রশাসক মো. শরীফুজ্জামানের হাতে প্রজ্ঞাপন ও নিয়োগপত্র তুলে দেন। এরপর শরীফুজ্জামান সড়ক পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা মুক্তিপাড়ায় তাঁর বাসভনে পৌঁছান। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, জাসাসসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
ছাত্রদলের পক্ষ থেকে শরীফুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা দেয়ার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি হুমায়ুন কবির আকাশ, আশিকুর রহমান আশিক, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রকিবুল হাসান প্রমুখ।
এছাড়া বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট মালিক সমিতি, আব্দুল্লাহ সিটি মার্কেট মালিক সমিতি ও চুয়াডাঙ্গা পরিবেশক সমিতির নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলা পরিষদের নতুন প্রশাসক শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে, দৈনিক সময়ের সমীকরণ-এর সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান শরীফ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সমীকরণ পরিবার।
