ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর থেকে জীবননগরে শ্বশুরবাড়ি আসার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার আসরের নামাজের পর হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন সংসদ সদস্য আমির হামজার শ্যালক, এপিএস ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং তাঁর গাড়িচালক সাদ্দাম হোসেন।
এ ঘটনায় আহত আবু বক্কর জীবননগর থানায় একটি এজাহার দায়ের করেছেন। অভিযোগে তিনি মোস্তাক হোসেন (৪৫), রিমন হোসেন ও মাশরুল মুহিবের নাম উল্লেখসহ আরও ১-২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করেছেন।
অভিযোগে বলা হয়, সংসদ সদস্য আমির হামজার ব্যক্তিগত গাড়িতে করে তারা মহেশপুর থেকে জীবননগর থানাধীন সেনেরহুদা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে হাসাদাহ গ্রামস্থ কানাইডাঙ্গা রোড থেকে হাসাদাহ বাজার মেইন বাসস্ট্যান্ডের সংযোগস্থলে একটি ইজিবাইক রাস্তার মুখে দাঁড়িয়ে ছিল। বারবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি সরানো হয়নি। এরপর গাড়িচালক সাদ্দাম হোসেন নেমে ইজিবাইক চালককে সরে যেতে বললে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযোগকারী আবু বক্কর ও অন্যরা নেমে বিষয়টি সমাধানের চেষ্টা করলে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা তাদের পথরোধ করে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সংসদ সদস্য আমির হামজাসহ পরিবারের সদস্যরা থানায় যান। রাত ৮টার দিকে তারা থানা থেকে বেরিয়ে যান। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে তারা থানায় আসেন এবং একটি এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
