ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পিতম্বরপুর (টেইপুর) গ্রাম থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর ৪টা ৪৫ মিনিটে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন পিতম্বরপুর (টেইপুর) গ্রামের মৃত জয়নাল হোসেনের ছেলে মো. মুকুল হোসেন (৪৭)।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে উপ- পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিতম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ এলাকা থেকে মুকুল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকামূলে সংরক্ষণ করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদকের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
