ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে (সিএমএসএ) উদ্যোগে প্রয়াত ডা. আবিদ হাসান জিসানের স্মরণে দামুড়হুদা উপজেলার ছুটিপুর গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ক্যাম্পে এলাকার প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মরহুম ডা. আবিদ হাসান জিসানের বাবা ছুটিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব। তিনি এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ছেলের স্মরণে আয়োজিত অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ইমরান হোসেন (এমবিবিএস, এফসিপিএস) ডা. আব্দুল মোমিন হৃদয় (এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ; বিসিএস ৪৮তম ব্যাচে সুপারিশপ্রাপ্ত), সিএমএসএ-এর সহসভাপতি ডা. মো. রাকিব (এমবিবিএস, রামেক) এবং সিএমএসএর সভাপতি ডা. মো. শাহরিয়ার সিয়াম (এমবিবিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
এসময় মেডিকেল শিক্ষার্থী মোছা. শারমিন, তাহমিদা ছন্দা, শিউলী ও আশিক মিসবাহ চিকিৎসা কার্যক্রমে সহায়তা করেন। চিকিৎসা কার্যক্রম শেষে মরহুম ডা. আবিদ হাসান জিসানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে ‘মিশন প্রগতি চেইন অব ইউনিটি’ এবং সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ, চুয়াডাঙ্গা টিমের স্বেচ্ছাসেবকরা।
আয়োজকরা জানান, মানবসেবায় নিবেদিতপ্রাণ ডা. আবিদ হাসান জিসানের স্মৃতিকে সম্মান জানাতে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
