নিম্নমানের সামগ্রী দিয়ে বদরগঞ্জ-মর্তৃজাপুর সড়ক নির্মাণ

দুই মাস না যেতেই ব্রিজসংলগ্ন রাস্তায় ফাটল

আপলোড তারিখঃ 2026-05-24 ইং
নিম্নমানের সামগ্রী দিয়ে বদরগঞ্জ-মর্তৃজাপুর সড়ক নির্মাণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ বাজার থেকে মর্তৃজাপুর আবাসন অভিমুখে নির্মিত নতুন সড়কে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।  এলাকাবাসীর দাবি, নিম্নমানের উপকরণ ব্যবহার, পর্যাপ্ত পিচ (পিস) ও বিটুমিন না দেওয়ায় নির্মাণের মাত্র দুই মাসের মধ্যেই সড়কে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এছাড়া মর্তৃজাপুর নদীর উপর নির্মিত ব্রিজের পাশের রাস্তার একাংশ ভেঙে পড়ায় জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি চরম আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদার ওহেদ মিয়ার তত্ত্বাবধানে বদরগঞ্জ-কুতুবপুর সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হয়। কিন্তু কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই রাস্তার বিভিন্ন স্থানে ফাটল, দেবে যাওয়া ও কার্পেটিং উঠে যাওয়ার ঘটনা ঘটতে থাকে। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং নিয়ম অনুযায়ী বিটুমিন ও ঢালাই না দেওয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


সম্প্রতি ব্রিজসংলগ্ন ভাঙা অংশে একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে নদীর মধ্যে পড়ে যায়। এতে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।


স্থানীয় বাসিন্দা এলাহি মোল্লা বলেন, "সরকার জনগণের চলাচলের সুবিধার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু কিছু অসাধু ঠিকাদার ও সংশ্লিষ্টদের দুর্নীতির কারণে সেই রাস্তা কয়েক মাসও টেকে না। এই সড়কের কাজেও ব্যাপক অনিয়ম হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।"


আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাস্তা নির্মাণের সময় আমরা বারবার নিম্নমানের কাজের প্রতিবাদ করেছি। কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। এখন রাস্তা ভেঙে দুর্ঘটনা ঘটছে। এই দায়ভার কে নেবে?"
স্থানীয় সচেতন মহল দাবি করেছে, সংশ্লিষ্ট প্রকৌশলী, তদারকি কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ পুনঃনির্মাণ করে জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)