ডিএনএ রিপোর্টে ধর্ষণের প্রমাণ, চার্জশিট প্রস্তুত

এক মাসের মধ্যে রামিসা হত্যার শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আপলোড তারিখঃ 2026-05-24 ইং
ডিএনএ রিপোর্টে ধর্ষণের প্রমাণ, চার্জশিট প্রস্তুত ছবির ক্যাপশন:

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। সিআইডি’র পক্ষ থেকে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়। ডিএনএ টেস্টের তথ্য অনুযায়ী হত্যার আগে রামিসাকে ধর্ষণের আলামত মিলেছে। একইসঙ্গে মামলাটির চূড়ান্ত তদন্তকাজও সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে লোমহর্ষক এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।


মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার এসআই মো. অহিদুজ্জামান বলেন, ঘটনার পর থেকেই আমাদের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ শুরু করে। এই কয়েকদিন দিনে-রাতে কাজ করেছি আমরা। প্রথমে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত করা হয়। এরপর সিআইডি’র সহায়তায় ডিএনএ টেস্ট সম্পন্ন করা হয়। এই ডিএনএ টেস্টের ওপরই আমাদের সবকিছু নির্ভর করছিল। টেস্টের রিপোর্ট সঠিক সময়ে পাবো কিনা, তা নিয়েও খুব দুশ্চিন্তায় ছিলাম আমরা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেটাও সম্ভব হয়েছে। ইতিমধ্যেই সেই ডিএনএ টেস্টের রিপোর্ট আমাদের হাতে এসেছে। সবকিছু প্রস্তুত। আশা করছি রোববারই আমরা এই মামলার চার্জশিট আদালতে জমা দিতে পারবো।


‘ডিএনএ টেস্টে কি রেজাল্ট এসেছে, ধর্ষণের কোনো আলামত পাওয়া গিয়েছে কিনা?’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ। ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত মিলেছে। রামিসাকে ধর্ষণের পরই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আর হত্যার পর লাশ গুম করার জন্য তার শরীর থেকে মাথা কেটে আলাদা করে ফেলে ঘাতক সোহেল। এরপর রামিসার দুই হাতও কাটা হয়। বুক চিরে ফেলা হয়। আমরা সবকিছুই চার্জশিটে উল্লেখ করেছি। তিনি বলেন, আমাদের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এখন বাকি কাজ আদালতের। আশা করি সবকিছু মাথায় রেখে যাচাই বাছাই শেষে নির্দেশ দিবেন।


এদিকে রামিসা হত্যা মামলায় ঘাতক সোহেল রানা গত বুধবার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এদিকে আগামী এক মাসের মধ্যে শিশু রামিসার হত্যাকারীর ‘সর্বোচ্চ শাস্তি’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি মহল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে অভিযোগ করে জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার বিকালে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে মানবতা, মানবিকতা ও দেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারে বিনষ্ট করে দেয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। এ বিষয়ে আজকের অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ্‌ আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যেন ভবিষ্যতে কোনো মানুষ এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।


একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে বলে মন্তব্য করেন সরকারপ্রধান। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একইসঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে। এক্ষেত্রেও কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক।



সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)