ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে লাগানো আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আপন ভাই ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন সদর উপজেলার কেদারগঞ্জ সিঅ্যান্ডবি ঈদগাহপাড়ার মৃত খোদাবক্স মন্ডলের ছেলে মুকুল মন্ডল।
অভিযোগে মুকুল মন্ডল জানান, পৈত্রিক সূত্রে পাওয়া তার জমিতে থাকা বেশ কয়েকটি ফলজ আমগাছ ধারালো হাসুয়া দিয়ে কোপানো হয়েছে। জমিটির আশপাশে তার ভাই ও চাচাতো ভাইদের জমি রয়েছে। তিনি বলেন, ‘আমার বাগান থেকে কে বা কারা আম পেড়ে নিয়ে যাচ্ছিল। এ কারণে বাগানে প্রবেশের রাস্তা বন্ধ করে দিই। এর জের ধরেই প্রতিশোধমূলকভাবে আমার গাছগুলো কেটে ফেলা হয়েছে।’
মুকুল মন্ডল অভিযোগ করে আরও বলেন, এ ঘটনায় তার চাচাতো ভাই আশরেদ, আপন ভাই জব্বার, ভাতিজা টিপু এবং চাচাতো ভাইয়ের ছেলে মিঠুর সম্পৃক্ততা রয়েছে বলে তিনি সন্দেহ করছেন। তিনি জানান, ঘটনার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন বলেও জানান তিনি। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
