ছবির ক্যাপশন:
দামুড়হুদায় মায়ের দোয়া ফুল ফল ও কিন্ডারগার্টেনের উদ্যোগে হাউলী ইউনিয়নের প্রায় এক হাজার শিক্ষার্থীর মাঝে আঙ্গুর ফলের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাউলী ইউনিয়নের কুমারীদহ মাঠে ব্যতিক্রমধর্মী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহীন আলম।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, কৃষি উপ-সহকারী সাইফুল ইসলাম, জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু ও হাউলী ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মায়ের দোয়া ফুল ফল ও কিন্ডারগার্টেনের স্বত্ত্বাধিকারী রানা হোসেন। শুভেচ্ছা বক্তব্যে রানা হোসেন বলেন, ‘আমি প্রথম ইউটিউব দেখে ১৮ কাঠা জমিতে আঙ্গুর ফলের চাষ শুরু করি। এখন আমার স্বপ্ন, শুধু আমার এলাকা নয়- পুরো চুয়াডাঙ্গাকে আঙ্গুরের রাজ্যে পরিণত করা। অনেক পরিবার রয়েছে, যারা আর্থিক সংকটের কারণে সন্তানদের আঙ্গুর কিনে খাওয়াতে পারে না। সেই চিন্তা থেকেই কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আঙ্গুরের চারা বিতরণের উদ্যোগ নিয়েছি। আমি চাই শিশুরা নিজেরাই গাছ লাগাবে, পরিচর্যা করবে এবং ফল খেয়ে উদ্বুদ্ধ হবে।’
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহীন আলম বলেন, ‘ফলজ গাছ রোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মাঝে আঙ্গুরের চারা বিতরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে শিশুদের মধ্যে কৃষি ও বৃক্ষরোপণের প্রতি আগ্রহ তৈরি হবে।’
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে আঙ্গুরের চারা তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
