মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত

আপলোড তারিখঃ 2026-05-14 ইং
মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বৈষ্ণব বিহারী মণ্ডল (২৪) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অবৈধ পথে ভারত থেকে দেশে ফেরার সময় তিনি গুলিবিদ্ধ হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বৈষ্ণব বিহারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের গোপাল চন্দ্র মণ্ডলের ছেলে। 


হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৈষ্ণব বিহারী জানান, শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার আশায় প্রায় ২৩ দিন আগে তিনি অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছিলেন। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেট বিদ্ধ হয়। পরে তার সঙ্গে থাকা লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের তথ্য মতে, আহত যুবকের শরীরে রাবার বুলেটের একাধিক চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন।


এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, গুলির ঘটনাটি সম্পর্কে কোনো তথ্য জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম জানান, সীমান্তে গোলাগুলির কোনো তথ্য তাদের জানা নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)