চুয়াডাঙ্গায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভায় ডিসি লুৎফুন নাহার

কোরবানির পশুর হাটগুলোতে বিশেষ নজরদারি রাখতে হবে

আপলোড তারিখঃ 2026-05-14 ইং
চুয়াডাঙ্গায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভায় ডিসি লুৎফুন নাহার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদুল আজহার কেন্দ্রীয় কর্মসূচি পাঠ করে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। সভায় ঈদের নামাজের সময়সূচি, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, পশুর চামড়া সংরক্ষণ ও বিক্রয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।


সভায় সিদ্ধান্ত অনুযায়ী, জেলার সকল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলার কেন্দ্রীয় ঈদগাহ চাঁদমারি মাঠে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, ‘ঈদুল আজহাকে কেন্দ্র করে গরুর হাটগুলোতে বিশেষ নজরদারি রাখতে হবে। এসময় অজ্ঞান পার্টির একটি চক্র বৃদ্ধি পায় এবং কিছু অসাধু চক্র জাল নোট বাজারে ছড়িয়ে দেয়। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্ক থাকতে হবে।’ তিনি আরও বলেন, পশুর হাটগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং জনসচেতনতা তৈরিতে নিয়মিত মাইকিংয়ের ব্যবস্থা করতে হবে।


জেলা প্রশাসক আরও বলেন, ‘কোরবানির দিন মাগরিবের আগেই সব বর্জ্য অপসারণ করতে হবে। কোথাও যেন রক্ত, হাড় বা কোরবানির উচ্ছিষ্ট পড়ে না থাকে এবং দুর্গন্ধ সৃষ্টি না হয়।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কোথাও কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেলে বা দুর্গন্ধ ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করা হবে।’


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি. এম. তারিক উজ জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাবুদ্দিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলার বিভিন্ন ঈদগাহ ময়দান কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)