চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহের উদ্বোধন করলেন ডিসি

নির্ধারিত ক্যালেন্ডার মেনে বাজারজাত করার নির্দেশ

আপলোড তারিখঃ 2026-05-14 ইং
চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহের উদ্বোধন করলেন ডিসি ছবির ক্যাপশন:

জেলা প্রশাসনের পূর্বঘোষিত সংগ্রহ ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘আমরা চাই চুয়াডাঙ্গার আম সারা দেশে আস্থার প্রতীক হয়ে উঠুক। এ লক্ষ্যে জেলার আম সংগ্রহের সময় নির্ধারণ করে একটি ‘ম্যাংগো ক্যালেন্ডার’ তৈরি করা হয়েছে। আজ থেকে আঁটি, গুটি, বোম্বাই, খিরসাপাত ও গোপালভোগ আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য বিবেচনায় রেখে পরিপক্ক ও রাসায়নিকমুক্ত আম নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’


সংগ্রহের সময়সূচি অনুযায়ী, আগামী ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি সংগ্রহের কাজ শুরু হবে। এছাড়া ফজলি ১৫ জুন, হাড়িভাঙ্গা ২০ জুন, আশ্বিনা ও বারি আম-৪ ৩০ জুন, কাটিমন ৫ জুলাই এবং সবশেষে ৩১ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।


জেলা প্রশাসক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের আগে বাণিজ্যিকভাবে আম সংগ্রহ বা বাজারজাত করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। কোনোভাবেই রাসায়নিক ব্যবহার করে আম পাকানো যাবে না।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা কৃষি মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, আম ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ স্থানীয় আম চাষি ও সাংবাদিকরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)