ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী বাজারে অরাজকতা সৃষ্টি করতে না পারে। তিনি বলেন, ঈদের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। বিশেষ করে কাপড় ও মসলার বাজারে এ ধরনের পরিস্থিতি বেশি দেখা যায়। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাজার তদারকি জোরদার করার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল বাড়াতে হবে। পাশাপাশি অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ নজরদারি করার আহ্বান জানান তিনি।
এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, পুলিশ পরিদর্শক ইকরাম হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা আলাউদ্দীন, দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুরুল আলম মালিক লার্জ, সদস্যসচিব সুমন পারভেজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
