ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: দর্শনা সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৭৬ নং মেইন পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের অভ্যন্তরে গেদে বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সাথে সৌজন্যমূলক পতাকা বৈঠক করে ৬ বর্ডার গার্ড ব্যাটালিযন।
পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. রাশিদুল আলম এবং প্রতিপক্ষ বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার। এছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নবাগত পরিচালক মো. ইমাম হাসান মৃধা, অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল কবীর জি+ ও সহকারী পরিচালক মো. শাহজাহান আলী এবং বিএসএফ এর পক্ষে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী জেআর কুজুর ও শ্রী সরওয়ান দাস। দু’ঘন্টাব্যাপী বৈঠকে বিজিবি ও বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, ইয়াবা পাচার প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, তাঁরকাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
