ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার জয়রামপুর শাহপাড়ায় পারিবারিক বিরোধের জেরে আক্তার হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে| আহত আক্তার বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন| এ ঘটনায় স্ত্রী তাসলি ও শাশুড়ি মেমজানসহ অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে| আক্তার জয়রামপুর শাহপাড়ার মৃত সবুর আলীর ছেলে| মামলার বাদী তার ভাই সুমন|
মামলা সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে জয়রামপুর চৌধুরীপাড়ার ফকির মোহাম্মদের মেয়ে তাসলির সঙ্গে আক্তারের বিয়ে হয়| পারিবারিক বিরোধের কারণে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল এবং গত ৭ মে তালাক হওয়ার কথা ছিল| অভিযোগে বলা হয়, গত ৫ মে রাত সাড়ে ৮টার দিকে জয়রামপুরে একটি ট্রাক্টর গ্যারেজের সামনে পৌঁছালে আক্তারের ওপর হামলা চালানো হয়| এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে| পরে তার কাছে থাকা ১ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে|
স্থানীয়রা আহত অবস্থায় আক্তারকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন| পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়| চিকিৎসকরা তার শরীরের বিভিন্ন স্থানে মোট ৭৮টি সেলাই দিয়েছেন বলে পরিবারের দাবি| দামুড়হুদা মডেল থানার তদন্ত ওসি সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে| এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি| অভিযানে পুলিশ কাজ করছে|
