চুয়াডাঙ্গায় বিজিবির ৩ কোটি টাকার মাদক ধ্বংস

আপলোড তারিখঃ 2026-05-07 ইং
চুয়াডাঙ্গায় বিজিবির ৩ কোটি টাকার মাদক ধ্বংস ছবির ক্যাপশন:

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে জব্দকৃত প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদক পুড়িয়ে ও ভেঙে নষ্ট করা হয়। গত এক বছরে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদক উদ্ধার করেছিল বিজিবি।


বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় ব্যাপক তৎপরতা চালিয়ে ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকার মাদক জব্দ করে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৯ বোতল বিয়ার, প্রায় ২৩৯ কেজি গাঁজা, ১.৮৫৭ কেজি হেরোইন এবং ১.৮৯ কেজি কোকেন। এছাড়া বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশনও ধ্বংস করা হয়।


মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। মাদক বিরোধী জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, বরং পরিবার ও সমাজকে তিলে তিলে ধ্বংস করে দেয়। এর প্রভাব রাষ্ট্রীয় পর্যায়েও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। সীমান্ত দিয়ে যেন কোনোভাবেই মাদকের প্রবেশ না ঘটে, সে লক্ষ্যে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ এসময় তিনি মাদক নির্মুলে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন।


অনুষ্ঠানে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন সীমান্তের নিরাপত্তা ও বিজিবির সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে যেখানে প্রয়োজন, সেখানে নতুন বিওপি (বর্ডার আউটপোস্ট) স্থাপন করা হবে। এছাড়া মেহেরপুর জেলায় নতুন একটি ব্যাটালিয়ন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাটালিয়নের সংখ্যা বৃদ্ধি পেলে সীমান্ত সুরক্ষা আরও মজবুত হবে এবং চোরাচালান রোধে বিজিবির কার্যক্রম আরও গতিশীল হবে।


মাদক ধ্বংসের এই মহতী আয়োজনে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের। এছাড়া মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলামসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)