ছবির ক্যাপশন:
ঢাকায় বসবাসরত আলমডাঙ্গার মানুষের সংগঠন ‘আমরা আলমডাঙ্গার সন্তান’-এর অর্ধবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর মহাখালীর জাহাঙ্গীর গেট এলাকার ক্যাপ্টেন’স ওয়ার্ল্ডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের গত কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এতে মীর আব্দুল মতিন চৌধুরী স্বপনকে সভাপতি এবং আব্দুল্লাহ আল মামুন সোহেলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সভায় সংগঠনের পূর্ববর্তী কার্যক্রম পর্যালোচনা করে অর্জন ও সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বক্তারা বলেন, সংগঠনটি ইতোমধ্যে সামাজিক ও মানবিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তবে কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় আলমডাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রবাসী ও দেশীয় সদস্যদের সমন্বয়ের মাধ্যমে শক্তিশালী ও টেকসই সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। এতে মোল্লা গ্রুপের চেয়ারম্যান মো. সহিদুল হক মোল্লা এবং সুইট এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুরুল হুদাসহ অবসরপ্রাপ্ত ও কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষাবিদরা উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হন। নবগঠিত কার্যনির্বাহী পরিষদে সভাপতি মীর আব্দুল মতিন চৌধুরী স্বপন, সহসভাপতি হাবিবুর রায়হান আসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহেল দায়িত্ব পেয়েছেন।
সভায় বক্তারা আলমডাঙ্গা উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে পারবে। অনুষ্ঠানের শেষে আলমডাঙ্গার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
