কাপড়ের রং দিয়ে আইসক্রিম, জরিমানা আদায়

আলমডাঙ্গার হাউসপুরে লোটাস আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান

আপলোড তারিখঃ 2026-05-04 ইং
কাপড়ের রং দিয়ে আইসক্রিম, জরিমানা আদায় ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর এলাকায় অবস্থিত লোটাস আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করা হয়। গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। অভিযানে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সজীব পাল উপস্থিত ছিলেন। এছাড়া প্রশাসনিক সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি বিশেষ টিম অংশ নেয়।


অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। এমনকি আইসক্রিম তৈরিতে কাপড়ের রং ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির কোনো বৈধ সরকারি লাইসেন্স ছিল না বলেও নিশ্চিত হওয়া গেছে। ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, এর আগেও একবার এ কারখানায় অভিযান চালানোর চেষ্টা করা হলে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার পুনরায় অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত আইসক্রিম তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি অনুমোদন সম্পন্ন করে স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।


সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, ‘দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযানে এসব অভিযোগের সত্যতা মিলেছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জরিমানা করা হয়েছে এবং অস্বাস্থ্যকর আইসক্রিম ধ্বংস করা হয়েছে।’ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য উৎপাদন বা বাজারজাত করা হলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)