দামুড়হুদায় টানা বৃষ্টিতে ধান কাটায় বাধা

বিপাকে কৃষক-শ্রমিক, ক্ষতির শঙ্কা!

আপলোড তারিখঃ 2026-05-04 ইং
দামুড়হুদায় টানা বৃষ্টিতে ধান কাটায় বাধা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার মাঠে মাঠে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গত এক সপ্তাহ ধরে থেমে থেমে ঝড়, শিলা ও বৃষ্টির কারণে পাকা ধান কাটতে না পেরে তারা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। উপজেলার পারনপুর, রামনগর, বেতেগাড়ী, নলগাড়ী ও সুনডোর এলাকার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, সোনালি পাকা ধানে ভরে আছে বিস্তীর্ণ জমি। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে কৃষকরা ধান কাটতে পারছেন না। ফলে দিন-রাত উদ্বেগে কাটছে তাদের সময়। অনেকেই জানান, পাকা ধান মাঠে ফেলে রেখে ঠিকমতো ঘুমাতেও পারছেন না।


টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় ধান গাছে ‘কল’ (অঙ্কুর) বের হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা ফসলের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। এ অবস্থায় কৃষকদের লোকসানের শঙ্কা আরও বেড়েছে। অন্যদিকে কাজ না থাকায় দিনমজুররাও বিপাকে পড়েছেন। ধান কাটার কাজ বন্ধ থাকায় তাদের আয়-রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে। অনেকেই কষ্টে দিন পার করছেন।


দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, চলতি মৌসুমে উপজেলায় ৮ হাজার ৭৮৫ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে প্রায় ৮ হাজার ৭৬৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন অর্জন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


পারনপুর গ্রামের কৃষক সরোয়ার হোসেন বলেন, ‘আমার প্রায় ২ বিঘা ১০ কাঠা জমিতে ধান ছিল। আগাম চাষ করায় কিছুটা ধান ঘরে তুলতে পেরেছি। তবে বৃষ্টির কারণে খড় (বিচালি) মাঠেই পড়ে আছে।’ একই গ্রামের আরিফুল ইসলাম বলেন, ‘ধান পেকে গেছে, কিন্তু বৃষ্টির কারণে কাটতে পারছি না। অনেক জায়গায় ধান ফুটে অঙ্কুর বের হচ্ছে।’ রুদ্রনগর গ্রামের ভেগা মিয়া বলেন, ‘ধান পেকে গেলেও বৃষ্টির মধ্যে কষ্ট করে কাটতে হচ্ছে। না কাটলে সব নষ্ট হয়ে যাবে।’
রামনগর গ্রামের জমির আলী জানান, ‘এই সময়টায় ধান কাটা-মাড়াইয়ের কাজ পুরোদমে হওয়ার কথা ছিল। কিন্তু ঝড়-বৃষ্টির কারণে কাজ বন্ধ। আমরা ঘরে বসে সময় পার করছি, অনেকেই ধার-দেনা করে সংসার চালাচ্ছি।’ এ অবস্থায় দ্রুত আবহাওয়া স্বাভাবিক হওয়ার আশায় প্রহর গুনছেন কৃষকরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)