ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মাঝেরপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন ভাইয়ের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইষা হক মল্লিক তার মেয়ে সুফিয়া খাতুনের নামে ভিটেবাড়ির জমি রেজিস্ট্রি করে দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার ছেলে হাসিবুর রহমান সঙ্গীয় লোকজন নিয়ে বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সুফিয়া খাতুন বলেন, আমার পিতা আমার নামে ভিটেবাড়ির জমি লিখে দিয়ে গেছেন। এরপর আমার ভাই হাসিবুর রহমান কয়েকজন লোক নিয়ে আমাদের বাড়িতে এসে ঘরের দরজা-জানালা ভাঙচুর করে এবং জোরপূর্বক খুলে নিয়ে যায়। তারা আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।
অন্যদিকে অভিযুক্ত হাসিবুর রহমান দাবি করেন, আমার পিতা অনেক আগেই আমার নামে জমি লিখে দিয়েছেন। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং আমরা রায়ও আমাদের পক্ষে পেয়েছি। তাই আমরা জমি বুঝে নিতে গিয়েছিলাম। কিন্তু তারা জমি ছেড়ে দিতে অস্বীকৃতি জানাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
