বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস পালিত

শ্রমিকদের ন্যায্য মুজুরি নিশ্চিত করতে সকলের প্রতি আহবান শরীফুজ্জামান শরীফের

আপলোড তারিখঃ 2026-05-03 ইং
বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস পালিত ছবির ক্যাপশন:

‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। এদিন র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রমিক সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করার ওপর জোর দেন। 


চুয়াডাঙ্গা:
‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’  প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন করা হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ৮টায় এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যদিয়ে দিবসটির সূচনা হয়। র‌্যালিটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


সভায় জেলার স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তিনি তার বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মুজুরি নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, যারা এই অনুষ্ঠানটি ডিজাইন করেছেন আঞ্চলিক শ্রম বাজার কুষ্টিয়া, আপনারা যে যেই ট্রেডের শ্রমিক আছেন, আপনাদের রেজিস্ট্রেশন আছে কিনা? এটি না থাকলে কোনো সুবিধায় আপনারা শ্রমিক এর এখান থেকে পাবেন না। সেই ২৫ জনের মধ্যে আপনার এই সংগঠনটা আছে কিনা। সেটা না থাকলে আপনারা সকল পদ্ধতি অবলম্বন করে রেজিস্ট্রেশন করে নেবেন। নতুন কমিটি গঠন করে আপনারা কুষ্টিয়ায় গিয়ে জমা দিয়ে আসবেন। যদি কমিটি না করা থাকে , অতিদ্রুত যোগাযোগ করলে নতুন কমিটি করে দেবে।


তিনি আরও বলেন, আমি আপনাদের আহ্বান জানাবো শ্রমিকদের যেই সমস্যাগুলো আছে, যে সামাজিক কর্মকাণ্ডগুলো আছে, এবং আপনারা যদি শ্রমিক অধিদপ্তরের কাছে সুবিধা নিতে চান, তাহলে আইনগত এবং নিবন্ধন হওয়ার যে বিষয়গুলো আছে সেগুলো এনাদের সাথে যোগাযোগ করে অন্তর্ভুক্ত হবেন। আপনাদের কোনো সমস্যা, কোনো অসুবিধা আমাদেরকে জানাবেন, আমরা সেটা যথাযথ সংশোধনের চেষ্টা করব। এবং আপনাদের ন্যায্য অধিকার আদায়ে আমরা আইনগত দিক থেকে যথেষ্ট চেষ্টা করব।


সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম। সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমানের সঞ্চালনায় আরোও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবুসহ আরও অনেকে।


সভায় আরোও উপস্থিত ছিলেন, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও বার্তার একটি ভিডিও প্রদর্শন করা হয়।
এদিকে চুয়াডাঙ্গায় সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, গান ও আবৃত্তি পরিবেশনা। গত শুক্রবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অরিন্দম, উদীচী, জাসাস, সংলাপ, আবৃত্তি পর্ষদ ও জেলা শিল্পীকল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অরিন্দম চুয়াডাঙ্গার সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচকের বক্তব্য রাখেন, জেলা শিল্পী কল্যাণ পরিষদের সদস্য লিটু বিশ্বাস, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজীর আহমেদ, উদীচী জেলা সংসদের সভাপতি হাবিবি জহির রায়হান, কৃষিবিদ ড. হামিদুর রহমান। এসময় বক্তারা, মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও দিবসটির তাৎপর্যসহ শ্রমিকদের আত্মত্যাগ ও নানাবিধ ইতিহাস তুলে ধরেন। অরিন্দম চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক হিরন উর রশিদ শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেন আদিল হোসেন, শান্ত আহমেদ, আরিফুজ্জামান আরিফ, বদরুজ্জামান তুষার, লিমন খান, সামান্না ইসলাম, শরিফুন নাহার শিখা, জিলানী রহমান ও মাসুদ রানা লিটন। এছাড়া একক সংগীত পরিবেশন করেন তুহিন সুলতানা। আবৃত্তি পরিবেশন করেন সাইফুল ইসলাম, শাকিল আহমেদ, দেলোয়ার হোসেন বাপ্পী ও অ্যাডভোকেট বজলুল রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা শিল্পীকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আহসান খান, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাজাহান আলী, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা আব্দুল মোমিন টিপুসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।


আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও পথসভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়। গত শুক্রবার সকালে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (৫৯৫/৮২) আলমডাঙ্গা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টার্মিনালে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাবুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, আঞ্চলিক মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, শ্রমিক নেতা রিয়াজ উদ্দিন আহমেদসহ স্থানীয় শ্রমিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
একই দিনে আন্তঃজেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (১৮৯৫) আলমডাঙ্গা শাখার আয়োজনে পৃথক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় বের হওয়া র‍্যালি শেষে ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক মজিবর রহমানের সভাপতিত্বে ও সহসভাপতি শহিদুল ইসলাম ইপির পরিচালনায় বিভিন্ন শ্রমিক নেতা বক্তব্য রাখেন।
দিনব্যাপী আলমডাঙ্গার বিভিন্ন স্থানে শ্রমিক সংগঠনগুলোর অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি, ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ পথসভা অনুষ্ঠিত হয়। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, উপযুক্ত মজুরি এবং জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, উপজেলা জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক ফেডারেশনের উদ্যোগেও মহান মে দিবস পালন করা হয়। র‍্যালি শেষে আলতায়েবা মোড়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, নুর মোহাম্মদ টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


দামুড়হুদা:
দামুড়হুদায় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মহান মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টার সময় দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বরে অবস্থিত কৃষি ব্যাংকের সামনে থেকে উপজেলা শ্রমিক দলের আয়োজনে "দুনিয়ার মজুদুর এক হও, এক হও", শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই" নানা রকম স্লোগানের মধ্যে দিয়ে প্রথমে র‍্যালি বের হয় র‍্যালিটি উপজেলা শহরের সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে হয়। পরবর্তীতে আলোচনা সভা ও উপস্থিত শ্রমিকদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি আশাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, উপজেলা যুবদল ও বিএনপির সদস্য তরিকুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি রোকনুজ্জামান তোতাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক জুহুরুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফ হোসেন, স্থানীয় মোটর শ্রমিক, ভ্যান শ্রমিকসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
এদিকে একই দিনে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে মে দিবস পালিত হয়েছে। একই দিনে বেলা ১২টায় দিকে র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আশাদুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক  বৃন্দ, সাংবাদিক ও এলাকার শ্রমিকবৃন্দ।


দর্শনা:
দর্শনায় যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। গত শুক্রবার সকাল ৯টায় স্থানীয় শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এটি দর্শনার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, এবং কাজের সময় ৮ ঘণ্টা নিশ্চিত করার দাবিতে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা করেন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, এনামৃল হক শাহ মকুল, শরীফ উদ্দীন, দর্শনা পৌর যুবদলের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার ফারুক হোসেন,অপু, শফিকুল আজম তোতা, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। 
অপরদিকে কেরু অ্যান্ড কোম্পানির অবসর শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শ্রমিকনেতা হাফিজুল ইসলাম হাফিজ, জুলফিকার, প্রমুখ।


জীবননগর:
যথাযথ মর্যাদা ও নানা আয়োজনের মধ্যদিয়ে জীবননগরে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র‍্যালিতে জীবননগর জাতীয়তাবাদী শ্রমিক দল, ইজিবাইক ও মিশুক মালিক সমিতি, থ্রি-হুইলার মালিক সমিতি এবং উপজেলা শাখার মোটর শ্রমিক ঐক্যসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা পৃথক ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা নির্বাহী নির্বাহী (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পরিশ্রমেই দেশের উন্নয়ন সম্ভব। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও প্রাপ্য সম্মান নিশ্চিত করা সবার দায়িত্ব। ইসলামে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে, যা শ্রমিকদের মর্যাদা রক্ষার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তিনি শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং সকলকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, শ্রমিক নেতা আউয়ুব আলী ও রবগুল, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।


মেহেরপুর: 
মেহেরপুরে মহান মে দিবস আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। গত শুক্রবার সকালে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র কুষ্টিয়ার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ‎সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎
‎    এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ট্রাক ট্র‍্যাক্টর কাভার্ডভ্যান (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, রঙ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু শেখ, টাইলস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মুক্তা, ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি শরিফুল ইসলাম, সেলুন মালিক সমিতির সভাপতি মামলত হোসেন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ইসমাইল হোসেনসহ অনেকে।
‎
‎    ‎র‍্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, মো. তৌফিক হোসেন সহকারী পরিচালক, মেহেরপুর জেলা ট্রাক, ট্রাংকলরি কাভার্ডভ্যান (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন, যা পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।


মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগরে মহান মে দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ের গুরুত্ব তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, আনসার ভিডিপি টিআই নার্গিস খাতুন এবং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুনতাজ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ঝিনাইদহ:
‘জুলাই সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপি’র অবস্থান পরিষ্কার করে আইনমন্ত্রী বলেন, “এটি সংসদেও বলা হয়েছে—এটি আধা প্রেম আধা প্রতারণা। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সম্ভাব্য সবটুকুই করবে, কিন্তু গণভোটের মতো কোনো প্রতারণার অংশে বিএনপি নেই।” গত শুক্রবার মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় পৌর শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদনের অগ্রগতি আদালতকে জানানো সম্ভব হবে।


আইনমন্ত্রী বলেন, ২০১২ সালে সংঘটিত সাংবাদিক সাগর-রুনি দম্পতির হত্যাকাণ্ডের বিচারে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হাইকোর্টের একটি নির্দেশনা ছিল। সেই নির্দেশনা অনুযায়ী একটি যৌথ বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা তদন্ত কমিটির সাথে বসেছি এবং দেখেছি যে, এই মামলায় কয়েকজনের ডিএনএ টেস্ট করা হয়েছে।” তিনি আরও যোগ করেন যে, তদন্তটিকে একটি যৌক্তিক পর্যায়ে নিতে যৌথ তদন্ত টিম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
অপরদিকে মহান মে দিবস উপলক্ষে দুস্থ শ্রমিক পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঝিনাইদহের ১৩ জন দুস্থ শ্রমিকের উন্নত চিকিৎসা ও তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি বাবদ প্রায় ৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।


দিবসটি উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় মে দিবসের চেতনা আমাদের আজীবন অনুপ্রেরণা জোগাবে। পুলিশ সুপার মাহফুজ আফজাল শ্রমিকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোর অঞ্চলের পরিচালক রাজিব বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম।
এছাড়া মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। জেলা শ্রমিক দলের আয়োজনে এই শ্রমিক সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নেন। গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের পোস্ট অফিস মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির সভাপতি শামসুজ্জামান লাকী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক টোকন জোয়ার্দার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)