ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আত্মহত্যা করা তরুণী মুমতাহেনা অহনার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এদিকে, এই আত্মহত্যার ঘটনায় নিহত তরুণী একটি চিরকুটে তার মৃত্যুর জন্য প্রেমিক শ্রাবণ রহমান জিতুকে দায়ী করে গেছেন। নিহতের মা সুরমা রহমান মেয়ের মৃত্যুর খবর পেয়ে গত বুধবার রাতেই চুয়াডাঙ্গায় আসেন। ময়নাতদন্ত শেষে তিনি বাদী হয়ে শ্রাবণ রহমান জিতুকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশি কার্যক্রম শেষে নিহত মুমতাহেনা অহনার মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
নিহত মুমতাহেনা অহনা গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা আনিসুর রহমানের মেয়ে। চাকরির সুবাদে তিনি চুয়াডাঙ্গায় বসবাস করছিলেন। তিনি চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের ‘রংধনু গিফট গার্ডেন’-এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে কর্মরত ছিলেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
