ছবির ক্যাপশন:
দর্শনায় অভিনয় কৌশলে ‘কিডনাফ’ এর ভয় দেখিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। প্রতারক চক্র মোবাইল ফোনে ভুয়া অপহরণের নাটক সাজিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। দর্শনা পৌরসভার সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু জানান, গত ২৬ এপ্রিল বেলা একটার দিকে ০১৩১৮৮৪৯৭৩৭ নম্বর থেকে ফোন করে তাকে জানানো হয়- তার ছেলে সূর্য্যকে কিডনাপ করা হয়েছে। দ্রুত বিকাশে ১০ হাজার টাকা পাঠাতে বলা হয়, অন্যথায় ক্ষতির হুমকি দেওয়া হয়। তবে তিনি সঙ্গে সঙ্গে ছেলের খোঁজ নিয়ে জানতে পারেন, তার ছেলে নিরাপদে বাড়িতেই রয়েছে। এরপর তিনি আর ওই নম্বরে সাড়া দেননি।
অন্যদিকে, রামনগর গ্রামের শরীফ উদ্দীনের সঙ্গেও একই ধরনের প্রতারণা করা হয়। গত ২১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে ০১৬০৩৭৯৮২৬২ নম্বর থেকে ফোন করে জানানো হয়, তার ছেলে আব্দুল্লাহ আল সাফিকে অপহরণ করা হয়েছে এবং ২০ হাজার টাকা দাবি করা হয়।
শরীফ উদ্দীন জানান, তিনি আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বের হয়ে তার বিকাশ নম্বর (০১৭৫৩৫৭৯৯৫৭) থেকে প্রথমে ১০ হাজার টাকা এবং পরে আরও ১ হাজার টাকা পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর তার ছেলে বাড়ি ফিরে এলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একইসাথে তারা সাধারণ মানুষকে এ ধরনের ফোনকল পেলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
