গাংনীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন

আপলোড তারিখঃ 2026-04-30 ইং
গাংনীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন ছবির ক্যাপশন:

মেহেরপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলার গাংনী উপজেলার বামন্দীতে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির মেহেরপুর জেলা শাখা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বর্তমান বিশ্ব পরিস্থিতি তুলে ধরে বলেন, বর্তমানে বিশ্বজুড়ে দুর্বলের ওপর সবলের অত্যাচার, দরিদ্রের ওপর ধনীর বঞ্চনা এবং শাসিতের ওপর শাসকের জুলুম চলছে। পৃথিবী এক নরককুণ্ডে পরিণত হয়েছে।


তিনি আরও বলেন, জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো শান্তি, নিরাপত্তা, মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় চরমভাবে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে ইমাম সেলিম বলেন, দেশে অপরাধ আশঙ্কাজনক হারে বাড়ছে। মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। আদালতে লাখ লাখ মামলা ঝুলে আছে। সামাজিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গুজব ও অপতথ্য এখন মহামারির আকার নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়িয়ে সহিংসতা সৃষ্টি করা হচ্ছে। প্রচলিত রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পর বহুবার সংবিধান সংশোধন হলেও মানুষের মুক্তি আসেনি। পাঁচ বছর পরপর শুধু শাসক বদল হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না।


তিনি আরও বলেন, মানুষের তৈরি তন্ত্র-মন্ত্রে কখনো মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ব্রিটিশদের রেখে যাওয়া রাজনৈতিক, বিচারিক ও অর্থনৈতিক কাঠামো ব্যর্থ হয়েছে। দীনের শাসনব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, জাতির এই সংকট মোকাবিলায় আল্লাহর দীন প্রতিষ্ঠার বিকল্প নেই। কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা করলেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।


মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, উপদেষ্টা নিয়ামুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, আঞ্চলিক সভাপতি জসেব উদ্দিন ও জেলা সভাপতি সাহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শামসুজ্জামান মিলন। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতা-কর্মী অংশ নেন, যা এক পর্যায়ে বড় সমাবেশে পরিণত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)