ছবির ক্যাপশন:
‘আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এসময় তিনি বলেন, ‘ঢাকা শহর শব্দদূষণে অন্যতম, তবে আমাদের এই ছোট জেলাগুলোও কম নয়। এই অতিরিক্ত শব্দ আমাদের শিশু-কিশোরদের জন্য মারাত্মক।’ তিনি আরও বলেন, ‘স্কুল-কলেজ, হাসাপাতালের সামনে হর্ন বাজানো নিষেধ। তবে আমরা সেখানেই বেশি হর্ন বাজায়। আমাদের যারা যানবাহন চালক আছি, তারা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করি না। এই নিয়ম-নীতির তোয়াক্কা না করায়, শব্দ দূষণ রোধে যে বিধিমালা করা আছে, সেটা মোবাইল কোর্টের আওতাভুক্ত রয়েছে।’
জেলা প্রশাসক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যারা বিভিন্ন স্থানে মোবাইল কোর্টে যান, আপনারা এই অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী যানবাহন চাকলদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তাদের সচেতনতা খুবই জরুরি। সব শ্রেণি পেশার মানুষের সচেতনতাই পারে এই শব্দ দূষণ রোধ করতে।’
সভায় সহকারী কমিশনার আশফাকুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস। এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মাইশা ও লাব্বাইক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমানসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
