ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার নওদাদুর্গাপুর গ্রামে বসতবাড়িতে চুরির ঘটনায় চোরাই স্বর্ণালঙ্কার, রুপার গয়না, মোবাইল ফোন ও নগদ টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গত রোববার বেলা ১টা থেকে দেড়টার মধ্যে বাড়ির কেউ না থাকার সুযোগে কুমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাসান (২০) রবিউল ইসলামের ঘরে প্রবেশ করে ওয়ারড্রপের তালা খুলে চুরি করে। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল এক জোড়া স্বর্ণের বালা (প্রায় ৪ আনা, মূল্য প্রায় ৬০ হাজার টাকা), এক জোড়া রুপার বালা (প্রায় ২ ভরি, মূল্য প্রায় ৭ হাজার টাকা), একটি নথসহ নাকফুল (প্রায় ১ আনা ১ রতি, মূল্য প্রায় ৫ হাজার টাকা), একটি পুরাতন বাটন ফোন (মূল্য প্রায় ৬০০ টাকা) এবং নগদ ৯ হাজার ৪১৫ টাকা।
তবে চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে এসআই মেহেদী হাসান ঘটনাস্থলে পৌঁছে তাকে পুলিশ হেফাজতে নেন এবং চোরাই মালামাল উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং-৩২, তারিখ ২৬ এপ্রিল ২০২৬, দণ্ডবিধির ৪৫৪/৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
