ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উসমানপুর গ্রামে দীর্ঘদিন দখলে থাকা সরকারি রাস্তার জমি উদ্ধার করেছেন স্থানীয় গ্রামবাসী। গতকাল শুক্রবার বিকেলে তারা একত্রিত হয়ে উদ্যোগ নিয়ে রাস্তার জমি দখলমুক্ত করেন। গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী, স্বাধীনতার পর থেকেই তারা অন্যের ব্যক্তিগত জমির ওপর দিয়ে চলাচল করতে বাধ্য ছিলেন। অথচ সরকারের নির্ধারিত রাস্তা থাকা সত্ত্বেও সেটি ব্যবহার করতে পারেননি তারা।
স্থানীয় বাসিন্দা ইসহাক, আশাদুল হক ও মনিরুজ্জামানসহ অনেকে জানান, যেই জমি দিয়ে তারা চলাচল করতেন, সেটি ব্যক্তিমালিকানাধীন হওয়ায় মালিক আবুল কাশেম বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন। এতে গ্রামবাসীর চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর গ্রামবাসী একত্র হয়ে খালের ভেতরে থাকা সরকারি রাস্তার জমি পুনরুদ্ধার করেন। অভিযোগ রয়েছে, ওই জমির পাশে খাল থাকায় ঠাকুরপুর গ্রামের মৃত হাতেন আলীর ছেলে মজিবার রহমান দীর্ঘদিন ধরে রাস্তার জমি কেটে খালের সঙ্গে যুক্ত করে সেখানে মাছ চাষ করে আসছিলেন।
গ্রামবাসী জানান, বিষয়টি নিয়ে একাধিকবার অনুরোধ করা হলেও কোনো সমাধান হয়নি। শেষ পর্যন্ত তারা নিজেরাই উদ্যোগ নিয়ে সরকারি জমি উদ্ধার করতে বাধ্য হন। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
