ছবির ক্যাপশন:
ভাগ্যের চাকা ঘুরাতে মালয়েশিয়ায় পাড়ি জমানো আলমডাঙ্গা উপজেলার বগাদী গ্রামের প্রবাসী যুবক পিকুল আহমেদ (২৫) মারা গেছেন। গত বুধবার রাতে হঠাৎ স্ট্রোকে করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বগাদী পশ্চিমপাড়ার মৃত আব্দুল্লাহর ছেলে পিকুল আহমেদ মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ড এলাকায় কর্মরত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার সকালে সহকর্মীরা তাকে ডিউটিতে যাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে খাটের ওপর নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর সহকর্মীরা তার মরদেহ উদ্ধার করে নিকটবর্তী একটি সরকারি হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করেন।
তার মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছালে বগাদী এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে একইভাবে তার পিতারও মৃত্যু হয়েছিল, যা পরিবারের শোককে আরও ভারী করে তুলেছে। বর্তমানে মালয়েশিয়ায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তার সহকর্মীরা।
