ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারিনিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার শাবলের আঘাতে ভাতিজা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার বেলা আড়াইটার দিকে। অভিযোগ সূত্রে জানা যায়, তারিনিপুর গ্রামের ঈদগাহ পাড়ার বাসিন্দা মৃত আসান আলীর ছেলে রিপন হোসেন (৩২) দীর্ঘদিন ধরে তার চাচা হেলা আলী (৫৫), চাচাতো ভাই আলামিন (১৯) ও চাচী আমেনা খাতুন (৪৫)-এর সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে ছিলেন।
এরই ধারাবাহিকতায় গত সোমবার দুপুরে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে রিপন হোসেনের বাড়ির সামনে রাস্তার ওপর অবস্থান নেয় এবং লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হেলা আলী তার হাতে থাকা শাবল দিয়ে রিপনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে অন্য অভিযুক্তরাও লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় রিপনের স্ত্রী রুনা খাতুন (২৭) তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় রিপনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রিপন হোসেন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, মারামারির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
