চুয়াডাঙ্গায় তিন দিনের লোকজ ও সাংস্কৃতিক মেলার বর্ণাঢ্য সমাপ্তি

সেরা স্টল ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান

আপলোড তারিখঃ 2026-04-17 ইং
চুয়াডাঙ্গায় তিন দিনের লোকজ ও সাংস্কৃতিক মেলার বর্ণাঢ্য সমাপ্তি ছবির ক্যাপশন:

‘নববর্ষে ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যে পহেলা বৈশাখ উপলক্ষে চুয়াডাঙ্গায় আয়োজিত তিন দিনব্যাপী লোকজ ও সাংস্কৃতিক মেলার সমাপ্তি হয়েছে। নানা আয়োজন, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে শেষ দিনটি উৎসবমুখর ও জমকালোভাবে সম্পন্ন হয়। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শিল্পকলা মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।


মেলায় অংশগ্রহণকারী ১৩টি স্টলের মধ্যে সেরা স্টল নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে ‘সুইট ড্রিম কেক’, দ্বিতীয় স্থান ‘অন্বেষা ফুড কর্নার’ এবং তৃতীয় স্থান ‘আয়েশা’স ক্রাফট’। এছাড়া বৈশাখী নন্দন পুরস্কার গ্রহণ করেন মামুন উর রশিদ এবং বৈশাখী নন্দিনী পুরস্কার গ্রহণ করেন সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী সানিয়া। এছাড়াও বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণকারীসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।


মেলায় বাহারি স্টলের মাধ্যমে দেশীয় খাদ্য, হস্তশিল্প ও নানা পণ্য প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ আকর্ষণ করে। শেষদিনেও আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের সংগীত ও নৃত্য পরিবেশনায় দর্শনার্থীরা মুগ্ধ হন এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নয়ন কুমার রাজবংশী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষাবিদ, সুধীজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।


তিন দিনব্যাপী এ মেলাকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)