ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহরে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের জাফরপুর এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তর অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সদর উপজেলার সাতগাড়ি পুরাতন পাড়ার নায়েব আলীর ছেলে ভ্যানচালক সবুজ আলী (৩০) এবং ফার্মপাড়ার বাসিন্দা মৃত আতিয়ার আলীর ছেলে ব্যবসায়ী মোহাম্মদ কামাল (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক সবুজ আলী ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে যাত্রী মোহাম্মদ কামালকে নিয়ে ডিঙ্গেদহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে জাফরপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের ধ্রুতগামী একটি বাস তাদের ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আহত ভ্যানচালক সবুজ আলী বলেন, ‘আমি যাত্রী নিয়ে যাচ্ছিলাম। এসময় পেছন থেকে পূর্বাশা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে আমি মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়েছি।’ ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী কলেজ শিক্ষার্থী আব্দুল মান্নান বলেন, ‘আমি কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটি দ্রুতগতির বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি প্রায় ৩০ হাত দূরে ছিটকে পড়ে। বাসটির অতিরিক্ত গতি থাকায় আমরা ধরতে পারিনি। পরে আমরা স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, ‘সকালে পূর্বাশা পরিবহনের ধাক্কায় আহত দুজন রোগী হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজনের অবস্থা মোটামুটি ভালো হলেও অপরজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।’
