আলমডাঙ্গায় বৈশাখী মেলায় ‘পঞ্চ কবির ভবের হাট’

আপলোড তারিখঃ 2026-04-17 ইং
আলমডাঙ্গায় বৈশাখী মেলায় ‘পঞ্চ কবির ভবের হাট’ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে বৈশাখ উপলক্ষে ব্যতিক্রমধর্মী লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পঞ্চ কবির ভবের হাট’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় আলমডাঙ্গা বৈশাখী মেলার উপজেলা মঞ্চে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি বলেন, ‘বাংলার লোকজ সংগীত মাটির গভীর থেকে উঠে এসে মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এই ঐতিহ্য আজও আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এমন আয়োজন সেই চিরায়ত ধারাকে নতুন করে তুলে ধরে।’ তিনি আরও বলেন, ‘আলমডাঙ্গায় এত গুণী মানুষ আছেন, তা আগে জানা ছিল না। এই অনুষ্ঠানে না এলে তা অজানাই থেকে যেত।’


অনুষ্ঠানে নাগরিক উন্নয়ন কমিটির সহসভাপতি সাংবাদিক রহমান মুকুল বলেন, বাংলার মরমী সাধক একুশে পদকপ্রাপ্ত খোদাবক্স শাহ, বেহাল শাহ, ইউনুস শাহ ও কুবীর গোসাইয়ের আধ্যাত্মিক সংগীতধারা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, বাউলধারা ইতোমধ্যেই ইউনেস্কোর ‘অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা দেশের জন্য গৌরবের।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিও চ্যানেলের সিইও আব্দুল্লাহ টিপু সুলতান, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও নাট্যব্যক্তিত্ব সাংবাদিক হামিদুল ইসলাম আজম, সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, খন্দকার শাহ আলম মণ্টু, ফিরোজ ইফতেখার, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, বাউল সাধক রইস উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রশিদ মঞ্জুরসহ আরও অনেকে।


অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুল লতিফ শাহসহ বিভিন্ন বাউলশিল্পী। বিশেষ আকর্ষণ ছিল বাউল শিল্পী স্বপন বৈরাগীর গান, যা দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজন ঘিরে মেলায় উপস্থিত দর্শকদের ছিল ব্যাপক ভিড় ও উৎসবমুখর পরিবেশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)