আলমডাঙ্গায় অবৈধ আইসক্রিম কারখানায় সংবাদ সংগ্রহে বাঁধা

সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

আপলোড তারিখঃ 2026-04-14 ইং
আলমডাঙ্গায় অবৈধ আইসক্রিম কারখানায় সংবাদ সংগ্রহে বাঁধা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় গড়ে ওঠা একটি অবৈধ আইসক্রিম কারখানায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তাদের মারধর ও ক্যামেরা ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামে ‘মুবিন সুপার আইসক্রিম’ নামে একটি কারখানা দীর্ঘদিন ধরে একটি বাসা-বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করে আসছে। কারখানাটির মালিক হিসেবে পরিচিত সোহাগ আলী।


অভিযোগ রয়েছে, কারখানাটিতে নেই কোনো বৈধ ট্রেড লাইসেন্স, স্বাস্থ্য অনুমোদন, পরিবেশ ছাড়পত্র কিংবা বিএসটিআইয়ের অনুমতি। এলাকাবাসীর দাবি, তীব্র গরমে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ এসব আইসক্রিম কিনে খাচ্ছেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। পণ্যে নেই কোনো মূল্য তালিকাও।


গতকাল সোমবার বেলা তিনটার দিকে কারখানাটিতে নিউজ সংগ্রহ করতে যান আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার, অনলাইন নিউজ পোর্টাল এসএফ টিভি বিডিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এম সনজু আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল। এসময় তারা হামলার শিকার হন বলে অভিযোগ করেন।


ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, কারখানার মালিক ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়ে তাদের মারধর করে, ক্যামেরা ভাঙচুর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনার পরপরই বিষয়টি আলমডাঙ্গা থানায় অবহিত করা হলে পুলিশ লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেয়। পরবর্তীতে ভুক্তভোগী সাংবাদিকদের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


উল্লেখ্য, প্রায় এক বছর আগে একই কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছিল। এরপরও কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার বলেন, সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানাই। প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র না থাকলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।


স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, প্রভাব খাটিয়ে ও বিভিন্নভাবে ‘ম্যানেজ’ করে দীর্ঘদিন ধরে কারখানাটি চালু রাখা হয়েছে। কুমারখালী থেকে একজন মিস্ত্রি এনে নামমাত্র ব্যবস্থাপনায় উৎপাদন চালানো হচ্ছে বলেও জানা যায়। ঘটনার পর আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)