ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দুই দিনব্যাপী একটি শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে বাছাইকৃত কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার তারবিয়্যাত বিভাগের সেক্রেটারি বিলাল হুসাইন।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর সংগঠন পদ্ধতি ও গঠনতন্ত্র- এই দুটি বইয়ের আলোকে সংগঠন পরিচালিত হয়। দায়িত্বশীলরা যদি এ দুটি গ্রন্থ ভালোভাবে অধ্যয়ন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন, তবে তারা আরও দক্ষ সংগঠকে পরিণত হবেন।
তিনি আরও বলেন, সমাজ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতিসহ সব ধরনের অন্যায় দূর করতে কুরআন-হাদিসের অধ্যয়ন বাড়াতে হবে এবং সাংগঠনিক প্রজ্ঞা কাজে লাগাতে হবে। এসময় তিনি জামায়াতের চার দফা কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা আইন আদালত সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, পৌর নায়েবে আমির মাওলানা জুলফিকার আলী এবং উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
