ছবির ক্যাপশন:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করায় দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৩ নম্বর ওয়ার্ড সভাপতি সরফরাজ উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার এশার নামাজের পর ইউনিয়ন শাখা কার্যালয়ে জামায়াতে ইসলামীর এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত সরফরাজ উদ্দিন কুড়ুলগাছি ৩ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি এবং জামায়াতে ইসলামীর মনোনীত কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সংগঠনের চূড়ান্ত সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন। এই পদক্ষেপকে দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন হিসেবে গণ্য করে ইউনিয়ন শাখা তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের আমির সদিকিন ইসলাম জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করার দায়ে সোমবার এশার নামাজের পর ইউনিয়ন শাখা কার্যালয়ে একটি জরুরি সভায় তাকে মৌখিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এখন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সরফরাজ উদ্দিনের কোনো সাংগঠনিক বা আদর্শিক সম্পর্ক নেই। সেই সাথে দলের সকল স্তরের নেতা-কর্মীকে তাঁর নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ বা তাঁর সাথে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হলো। ইউনিয়ন আমির আরও জানান, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে তারা বদ্ধপরিকর এবং কেউ যদি নীতিমালার বাইরে গিয়ে কর্মকাণ্ড পরিচালনা করে, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
