ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। বাজারে খোঁজ নিয়ে জানা যায়, অধিকাংশ দোকানে ১ ও ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। ফলে ক্রেতারা বাধ্য হয়ে বেশি দামে খোলা ভোজ্যতেল কিনছেন। স্থানীয়দের অভিযোগ, কৃত্রিম সংকট সৃষ্টি করে খোলা সয়াবিন তেল সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। বর্তমানে খোলা তেল প্রতি কেজি ২১৫ থেকে ২২৫ টাকায় বিক্রি হচ্ছে। যদিও সরকারের বেঁধে দেওয়া দামের তুলনায় এটি উল্লেখযোগ্যভাবে বেশি।
কার্পাসডাঙ্গা বাজারের এক মুদি ব্যবসায়ী জসিম উদ্দীন জানান, কোম্পানির সরবরাহকারীরা বাজারে এলেও বোতলজাত তেল খুবই সীমিত পরিমাণে সরবরাহ করছেন। অনেক সময় চাইলেও তা পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘আমরা খোলা তেলই ২০৫ থেকে ২১০ টাকা দরে কিনছি, এরপর কেজিতে মাত্র ৫ টাকা লাভে বিক্রি করছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন ব্যবসায়ী জানান, বোতলজাত তেলের কৃত্রিম সংকট তৈরি করে খোলা তেলের দাম বাড়ানো হয়েছে। এতে করে বাজারে বোতলজাত তেল প্রায় ‘আউট অব মার্কেট’ হয়ে গেছে। বাজার ঘুরে দেখা গেছে, কিছু দোকানে ৫ লিটারের বোতলজাত তেল থাকলেও ছোট আকারের বোতল প্রায় নেই বললেই চলে। অন্যদিকে গ্রামের বিভিন্ন দোকানে খোলা সয়াবিন তেল আরও বেশি দামে, প্রতি কেজি ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ পরিস্থিতিতে ক্রেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা দ্রুত বাজার তদারকি জোরদার করে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
