ছবির ক্যাপশন:
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, জীবননগর এবং মেহেরপুরের গাংনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা উপজেলা মঞ্চে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।
এসময় তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, উপজেলা আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার ইমরুল হক, আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক, পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষার্থীরা।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।
এদিকে, জীবননগরে গতকাল রোববার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। উদ্বোধন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও আশরাফুল আলম রাসেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়লসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
অন্যদিকে, মেহেরপুরের গাংনীতেও একই দিন সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
উদ্বোধনী আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিয়র রহমান, সমাজসেবা অফিসার আরশেদ আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিআরডিবি ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
গাংনীতে আয়োজিত এ মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ১৬টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার স্টলসমূহ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
