ছবির ক্যাপশন:
আব্দুর রহমান জসিম: দামুড়হুদা উপজেলায় চলতি মৌসুমে ব্যাপকহারে ভুট্টার আবাদ শুরু হয়েছে। স্বল্প খরচে অধিক লাভের আশায় বিগত বছরগুলোর মত এবারও ব্যাপকভাবে ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়েছেন এলাকার চাষিরা। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টার আবাদ হবে এবং বাজার দর ভাল পেলে এবারও ভুট্টাচাষিদের মুখে হাসির ঝিলিক ফুটবে এমনটাই অভিমত অভিজ্ঞ চাষিদের। বিগত বছরগুলোতে ভুট্টাচাষে কৃষকরা লাভবান হওয়ায় এ আবাদ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। উপজেলার বিভিন্ন মাঠে মাঠে ভুট্টা রোপণে ব্যস্ত সময় পার করছেন ভুট্টাচাষিরা। দামুড়হুদা উপজেলায় বিগত বছরগুলোতে ভুট্টার ফলন ও দাম ভাল পেয়ে লাভবান হওয়ায় এবারও চাষিরা ব্যাপকভাবে ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়েছে। ভুট্টার আবাদে কৃষকরা লাভবান হওয়ায় এলাকায় উত্তরোত্তর ভুট্টার আবাদ বেড়েই চলেছে। বর্তমানে এর বীজ শতভাগ আমদানি নির্ভর। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকহারে ভুট্টার আবাদ হলেও এর বীজ উৎপাদনে ব্যাপারে সরকারি বা বেসরকারি কোন উদ্যোগ নেই। আর বিদেশ থেকে আমদানিকৃত বীজের দামও দেশে উৎপাদিত ভুট্টার প্রায় ২৫-৩০ গুণ বেশি। আবার বিভিন্ন সময়ে বেশি দামে এসব বীজ কিনে চাষিরা প্রতারিত হন। তাই সরকারি বা বেসরকারিভাবে উদ্যোগে দেশে ভাল বীজ উৎপাদন হলে চাষিরা উপকৃত হবে। দামুড়হুদা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ১শ’ ৮০হেক্টর জমি। গত বছর এ লক্ষ্যমাত্রা ছিল ১২হাজার ৫শ’ হেক্টর জমি। সেক্ষেত্রে অর্জিত হয়েছিল ১৪ হাজার ১৮০ হেক্টর জমি। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১হাজার ৬৮০ হেক্টর বেশি জমিতে ভূট্টার আবাদ হয়েছিল। উপজেলার জয়রামপুর গ্রামের সুবহান মন্ডল, রশিদ, আব্বাসসহ বেশ কয়েকজন ভুট্টাচাষী বলেন, আমরা প্রতি বছর ভুট্টার চাষ করে থাকি। গত বছর ভুট্টা উঠার সাথে সাথে ড্যাপ (আধা শুকনা) ভুট্টা ভাল দামে বিক্রি করেছিলাম। তাতে অন্যান্য ফসলের তুলনায় বেশ লাভ হয়েছিল। তবে অনেক সময় স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারদর কমিয়ে থাকে। তাতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও লোকসানের বোঝা চেপে যায় ভুট্টাচাষিদের ঘাড়ে। বর্তমানে এলাকায় ভুট্টার আবাদ বেশি তাই সরকারিভাবে ভুট্টার বাজারদর বেঁধে দিলে চাষিরা উপকৃত হবে। ভুট্টা চাষে সময় এবং খরচ কম লাগে এবং অন্যান্য ফসলের তুলনায় ভুট্টায় ফলনও বেশি হয়। ফলন ও দাম ভালো পেলে গতবারের মতো এবারও চাষিদের মুখে হাসি ফুটবে এমটাই জানিয়েছেন ভুট্টাচাষিরা।
