ছবির ক্যাপশন:
দামুড়হুদায় ইটবোঝাই পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পাওয়ার টিলার চালক সাইফুল ইসলাম (৩৭) গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার বেলা ৩টার দিকে উপজেলার জয়রামপুর এলাকার কাঁঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা জয়রামপুর স্টেশন পাড়ার মৃত শামীম হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে মাসুদ রানা নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন। পথে কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি পাওয়ার টিলারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও পাওয়ার টিলার চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
