ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গাসহ এ অঞ্চলের কৃষি ও কৃষকদের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ১৩ দফা দাবিনামা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রিসো ও চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে এ দাবিনামা প্রদান করা হয়। এসময় চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহারের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা। একইসঙ্গে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দাবিনামা গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, কৃষকদের প্রয়োজনীয় ডিজেল সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও জানান, কৃষকদের উত্থাপিত গুরুত্বপূর্ণ দাবিগুলো যথাযথভাবে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
দাবিনামার ১৩ দফার মধ্যে উল্লেখযোগ্য হলো- চুয়াডাঙ্গায় একটি মাটি পরীক্ষাগার ও সবজি হিমাগার স্থাপন, ন্যায্য সেচমূল্য নির্ধারণ ও বাস্তবায়ন, পানির অপচয় রোধে পরিকল্পিত সেচ ব্যবস্থা গড়ে তোলা, নদী-খাল-বিল সংস্কার করে সেচ উপযোগী করা, ফ্লেক্সিবল কৃষি ক্যালেন্ডার প্রণয়ন, একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষা নিশ্চিত করা, ট্রেনের মাধ্যমে স্বল্প খরচে কৃষিপণ্য পরিবহনের ব্যবস্থা, ইউনিয়ন পর্যায়ে সার ডিলার কেন্দ্র ও ওয়ার্ডভিত্তিক সাব-ডিলার নিয়োগ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, ভর্তুকি মূল্যে ডিজেল ও সার সরবরাহ এবং শস্য বীমা চালুর দাবি।
দাবিনামা প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক জোটের সভাপতি এস.এম. আব্দুল মোমিন টিপু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, জীবননগর উপজেলা কৃষক জোটের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সদস্য শাহজালাল, আব্দুল কাদির সোহান, কামরুজ্জামান সজল, জামান আক্তার, রিসোর নির্বাহী পরিচালক মো. জাহিদুল ইসলাম, মনিটরিং অফিসার মো. মামুনুর রশিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
