ছবির ক্যাপশন:
ঝিনাইদহ শহরে খেপা কুকুরের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। গতকাল বুধবার শহরের একাধিক এলাকায় খেপা কুকুরের আক্রমণে অন্তত ৬ জন আহত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন গুরুতর আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শহরের আরাপপুর এলাকার বাসিন্দা আসাদুজ্জামান জানান, একই কুকুর ওই দিন শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে একাধিক ব্যক্তিকে কামড় দেয়। এতে পথচারী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সৌরভ কুমার নামে এক পথচারী জানান, শহরে দীর্ঘদিন ধরেই অবাধে ঘুরে বেড়ানো কুকুরের সংখ্যা বেড়ে গেছে। খাবার সংকটের কারণে কুকুরের আচরণ অস্বাভাবিক ও খেপাটে ভাব লক্ষ্য করা যাচ্ছে।
তিনি আরও জানান, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান জানান, উচ্চ আদালতের নির্দেশনা থাকায় শহরের কুকুর নিধন করা যাচ্ছে না। তবে খেপা কুকুর নিয়ন্ত্রণে দ্রুত উদ্যোগ গ্রহণ করে জননিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকা এবং কুকুরের সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেন।
