ছবির ক্যাপশন:
মসজিদ মন্দিরের উন্নয়নে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ এসব চেক বিতরণ করেন। গতকাল রোববার সকাল ১০টায় জেলা পরিষদ কার্যালয়ে উপকারভোগী মসজিদ, মন্দির ও ব্যক্তির মাঝে এই চেক বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা জানান, আর্থিক অনুদানের অংশ হিসেবে জেলার ১৬টি মসজিদ, মন্দির ও একজন অসুস্থ ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, জেলা পরিষদের মাধ্যমে জেলার ৬৭টি ইউনিয়নে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমি বদ্ধপরিকর। জেলা পরিষদের মাধ্যমে জেলার মসজিদ, মন্দির, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানসহ অসহায় দুস্থদের জন্য উন্নয়নে জেলা পরিষদ কাজ করে যাবে।
