ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে এক ভারতীয় নাগরিকসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন বিজিবি। একই দিনে অপর একটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বিওপিগুলোর দায়িত্বপূর্ণ এলাকায় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানগুলো পরিচালিত হয়।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেলে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের হুদোপাড়া এলাকার একটি ভুট্টোক্ষেতে অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক জসিম শেখ নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি ভারতের হুগলি জেলার পান্ডুয়া থানার বাটিকা গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তার কাছ থেকে আধারকার্ড, ভারতীয় পাসপোর্ট, ভারতীয় পরিচয়পত্র ও ভারতীয় রুপি উদ্ধার করেছে।
এছাড়া পলিয়ানপুর বিওপির টহল দল মেহগনি বাগান এলাকা থেকে প্রথম দফায় ৪ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং দুইজন শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা জেলার তেরখাদা উপজেলার ধানখালী গ্রামে।
কুসুমপুর বিওপির টহল দল পিপুলবাড়িয়া গ্রামের ধানক্ষেত থেকে সাগর ফকির (২৭) নামে এক যুবককে আটক করে, যার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায়। বাঘাডাঙ্গা বিওপির টহল দল হুদাপাড়া গ্রামের ভুট্টা খেত থেকে আরও ৫ জন পুরুষকে আটক করে। আটককৃতরা ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, বাগেরহাট, রাজবাড়ী এবং ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, আটককৃতরা কোনো প্রকার পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এদিকে, মহেশপুরের রাজাপুর বিওপির টহল দল মাদক বিরোধী অভিযান চালিয়ে হালদারপাড়া সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
